মুন্সীগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।
সোমবার রাতে কংসপুরা গ্রামে শাহ আলম মল্লিক ও রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
মঙ্গলবার সকালে চরডুমুরিয়া বাজারে দু'পক্ষ আবার পাল্টাপাল্টি বোমা বিস্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে শাকিল ও আমজাদ নামের দু'জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ১০টার দিকে নির্বাচনী গণসংযোগ চলাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এর জেরে মঙ্গলবার সকালে চরডুমুরিয়া বাজারে এ দুই প্রার্থীর সমর্থকরা পাল্টাপাল্টি বোমা বিস্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় দু'পক্ষই থানায় দু'টি অভিযোগ দায়ের করেছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৩ ঘ.
bdnews24