ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সামর্থ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস দ্য নেশনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ৬৪তম অধিবেশনে তিনি বলেন, "আমরা স্বাস্থ্য ব্যবস্থা এবং এ সংক্রান্ত সংস্থা যেমন ডব্লিউএইচওর সংস্কারের কথা বলি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এ ধরনের গুরুত্বপূর্ণ সংস্থার সামর্থ্য কীভাবে আরো বাড়ানো যায়- সে বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দিতে হবে।"
এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছলে ডব্লিউএইচওর মহাপরিচালক মিজ মার্গারেট চ্যান তাকে অভ্যর্থনা জানান। সম্মেলনে শেখ হাসিনার দেওয়া ভাষণের অনুলিপি গণমাধ্যমকে সরবরাহ করেছে তথ্য অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "সংস্কারের মাধ্যমেই আমাদের মতো দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অংশগ্রহণ আরো জোড়ালো করা সম্ভব। আর তা না হলে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন ঝুঁকির মুখে পড়বে।"
অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) মতো ভাইরাসের সংক্রমণ রোধে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক পর্যায়ে কর্মসূচি নেওয়ার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, "কালাজ্বর ও ফাইলেরিয়ার মতো রোগ নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য গ্লোবাল ফান্ড ও ডব্লিউএইচও'র প্রতি আমরা কৃতজ্ঞ। এখন অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণেও কর্মসূচি গ্রহণের আহ্বান জানাচ্ছি।"
বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে 'বোঝার' পরিবর্তে 'সম্পদে' পরিণত করার জন্যও বিশ্ব স
bdnews24