২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা চান মিজানুর

আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা না থাকায় জাতীয় মানবাধিকার কমিশন যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না- জানালেন কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা না থাকায় জাতীয় মানবাধিকার কমিশন যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না- জানালেন কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। মঙ্গলবার রাজধানীতে সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, "আমরা যদি কাউকে কোনো চিঠি দিতে চাই, সেটাও দিতে হয় আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের বরাদ্দও দেয় আইন মন্ত্রণালয়। এ কারণে ঠিকভাবে কাজ করা যায় না।" বিচার বিভাগের জন্য বাজেট বরাদ্দ নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) এই আলোচনা সভার আয়োজন করে। মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতার বর্ণনা দিতে গিয়ে মিজানুর রহমান বলেন, "২০১০ সালের ২৩ জুন কমিশনে এসে শুনতে পাই, আইন মন্ত্রণালয় আমাদের জন্য ২৮ জনের একটি লোকবল কাঠামোয় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এখনোও শুনতে পাচ্ছি একই কথা। ওই চিঠি আইন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা প্রশাখায় ঘুরপাক খাচ্ছে।" র‌্যাবের কথিত 'বন্দুকযুদ্ধে' পা হারানো ঝালকাঠীর কলেজ ছাত্র লিমনের কথা উল্লেখ করে মিজানুর রহমান বলেন, মানবাধিকার কমিশন কেন লিমনের বিষয়টি নিয়ে তদন্ত করছে না- এমন প্রশ্ন প্রায়ই তার কাছে আসে। জবাবে তিনি বলেন, "তদন্ত করব কীভাবে, আমার কি সেই প্রশিক্ষিত লোকবল রয়েছে- যারা জিজ্ঞাসাবাদ করতে জানে? সেখানে যাব কিভাবে? হেঁটে তো আর যাওয়া সম্ভব নয়।" "এ সব কিছুর সঙ্গেই বাজেটের বিষয়টি জড়িত," যোগ করেন ড. মিজান। বিদেশের বিভিন্ন সংস্থা যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দেয়, সরকার তা প্রত্যাখান করে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, প্রত্যাখান করলেই সত্য ঢাকা পড়বে না। "মানবাধিকার কমিশনকে যদি রাষ্ট্রের স্বার্থে প্রশাসনিক ও অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া হয়, তাহলে আর বিদেশের কারো প্রতিবেদনের জন্য বসে থাকতে হবে না। এদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরাই সবচেয়ে ভালো প্রতিবেদন দিতে পারব।" আইন মন্ত্রণালয়ের বাজেট সংক্রান্ত বিষয়ে মন্ত্রীরা সময় দেন না বলেও অভিযোগ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, "এই মন্ত্রণালয়ের মোট আয়ের তুলনায় বরাদ্দ অনেক কম। অন্য কোনো মন্ত্রণালয়ে হলে এটা সম্ভব হতো না। আমাদের মন্ত্রীরা যদি আমাদেরকে ছাপিয়ে থাকতে পারতেন, তাহলে কতোই না ভালো হতো।" আটর্নি জেনারেল মাহবুবে আলম আলোচনা সভায় বলেন, "কোন মন্ত্রণালয় কত টাকা আয় করে তার ওপর ভিত্তি করে বরাদ্দ দেওয়া যৌক্তিক নয়। তাহলে স্বরাষ্ট্র, শিক্ষার মতো মন্ত্রণালয়গুলো বিপদে পড়বে।" রাষ্ট্রের খরচে বিচারকদের বিদেশে চিকিৎসার নেওয়ারও সমালোচনা করেন তিনি। "আমাদের দেশেই অনেক রোগের চিকিৎসা রয়েছে। কোনো কিছু হলেই ব্যাংকক, সিঙ্গাপুর চলে যাওয়া ঠিক নয়।" অ্যাটর্নি জেনারেলের ভাষায়, এটা যে গরিব দেশের টাকা, সেটা মনে রাখতে হবে। তবে জেলা পর্যায়ের সরকারি আইন কর্মকর্তাদের (জিপি ও পিপি) উপযুক্ত বেতন দেওয়ার দাবি জানান তিনি। অ্যাটর্নি জেনারেলের বক্তব্যকে সমর্থন করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "আইন মন্ত্রণালয়ে ব্যয়ের চেয়ে আয় বেশি- এ তথ্য ঠিক নয়। কারণ এখানকার আয়ের বড় অংশ আসে নিবন্ধন থেকে, কোর্ট কাচারি থেকে নয়। নিবন্ধন বিভাগ যদি ভূমি মন্ত্রণালয়ে থাকতো, তাহলে এটা হতো না।" তিনি বলেন, "সব কিছুই আস্তে আস্তে হবে। আমরা আলাদিনে প্রদীপ নিয়ে আসিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৯৪৩ ঘ.