দিনাজপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের কাহারোল উপজেলায় থানা ভাংচুর, অগ্নিসংযোগ, গুলিবর্ষণ ও জনতা-পুলিশ সংঘর্ষের স্থান পরিদর্শন করেছে জেলা প্রশাসনের তদন্তদল।
মঙ্গলবার সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল মালেকের নেতৃত্বে চার সদস্যের কমিটি ঘটনাস্থলে যান।
গত ২ মে রাতে বীরগঞ্জ ও কাহারোল- দুই উপজেলার সীমান্তবর্তী একটি বাড়িতে ডাকাতির পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো।
এ সময় কাহারোলে পুলিশের দুটি গাড়িতে আগুন ধরানো হয়। ঘেরাওয়ের মুখে পড়েন জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা। বীরগঞ্জ থানা ঘেরাও করে ভাংচুর চালায় জনতা।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে তদন্ত দল কাহারোলের ঘাসিয়ার গ্রামের পল্লী চিকিৎসক রাজেন্দ্র দেবনাথের বাড়ি যায়। ওই বাড়িতেই ডাকাতি হয়েছিলো।
এরপর তারা পুলিশের পিক-আপ, মাইক্রোবাস ও মোটরসাইকেল পোড়ানোর স্থান, জনতা-পুলিশ সংঘর্ষস্থল বলেয়া বাজার ও ভাংচুরের শিকার বীরগঞ্জ থানা পরিদর্শন এবং ভিডিও চিত্র ধারণ করেন।
তদন্ত কমিটি প্রধান আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, "গত ৯ মে থেকে আমি দায়িত্ব গ্রহণ করার পর তদন্ত শুরু করেছি মাত্র। ১০ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
"নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সময় বাড়ানোর আবেদন করা হবে।"
তদন্ত দলের সঙ্গে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, কাহারোল উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দীন আহম্মেদ ও সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (দিনাজপুর সদর সার্কেল) মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
রাজেন্দ্র দেবনাথের বাড়িতে ডাকাতির পরদিন কাহারোল ও বীরগঞ্জে জনতা ও পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। পুলিশের দুটি গাড়ি জ্বালিয়ে দেয় এবং থানা ঘেরাও করে জনতা।
পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক সেখানে গেলে তিনিও জনতার হাতে অবরুদ্ধ হয়ে পড়েন।
পরে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে।
এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু ওই কমিটি প্রধানের পদ থেকে পদত্যাগ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আজিজুল ইসলাম।
পরে আবার নতুন কমিটি প্রধান করা হয় আব্দুল মালেককে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৭ ঘ.
bdnews24