২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অভিশংসন নিয়ে আইন করতে পারে সংসদ'

বিচারপতিদের অভিশংসন নিয়ে সংসদ চাইলে যে কোনো আইন করতে পারে বলে মত দিয়েছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতিদের অভিশংসন নিয়ে সংসদ চাইলে যে কোনো আইন করতে পারে বলে মত দিয়েছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিচারপতিদের অভিশংসন প্রসঙ্গে তিনি বলেছেন, "এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংসদের। বিভিন্ন দেশে এই ক্ষমতা সংসদের রয়েছে। সংসদ চাইলে এ বিষয়ে যে কোনো আইন প্রণয়ন করতে পারে।" প্রধান বিচারপতি হিসাবে শেষ দিনে সুপ্রিম কোর্টে এক নম্বর কক্ষের সামনে মঙ্গলবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খায়রুল হক। এ সময় বিচারপতিদের অভিশংসন প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন খায়রুল হক। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে পুনরায় নেওয়ার পক্ষে গত ২৭ এপ্রিল মত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি বলেন, সংসদ রাষ্ট্রপতিকে ইম্পিচ করতে পারে, বিচারপতিদের নিয়োগ দেন রাষ্ট্রপতি, তাহলে বিচারপতিদের ইম্পিচ করা যাবে না কেন? বিচারকদের জবাবদিহি নিয়ে প্রধান বিচারপতি বলেন, "অবশ্যই জনগণের কাছে বিচারকদের জবাবদিহিতা রয়েছে। "জনগণের অভিপ্রায় অনুসারে আমরা বিচারক হিসাবে নিয়োগ পেয়েছি। কারণ রাষ্ট্রপতি জনগণের ইচ্ছা অনুযায়ী আমাদের নিয়োগ দিয়ে থাকেন।" সংসদের কাছে বিচারকদের জবাবদিহি থাকবে কি না তা নিয়ে চলতি বছরের জানুয়ারিতে দ্বিমত প্রকাশ করেন বিচারপতি ও সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। ৫ম সংশোধনীর রায় বাতিলের পর বাকশাল ফিরে আসবে কি-না এমন এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, "কোনো মামলায় যে সমস্যা থাকে, শুধু সে বিষয়েই রায় দেওয়া হয়। তাই রায়ে ১৯৭৫ সালের ১৫ অগাস্টের ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের কথা বলা হয়েছে। এর বাইরে আমরা কিছু বলিনি। বলার ক্ষমতাও আমার নেই।" "মুখে শুধু সংবিধান ও স্বাধীনতার কথা বললে হবে না," মন্তব্য করে তিনি বলেন, "তাকে বুকে ধারণ করতে হবে। শহীদদের রক্তের উপর এ দেশ প্রতিষ্ঠিত হয়েছে। এমন কিছু করা ঠিক হবে না, যাতে তাদের আত্মা কষ্ট পায়।" খায়রুল হক বলেন, পূর্বে গণমাধ্যমের নজরদারি এভাবে ছিলো না। এটা খুবই প্রয়োজন। এর ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮১৮ ঘ.