২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার গুলি উদ্ধার শেরপুরে

আট দিনের ব্যবধানে শেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে আবারো কয়েকশ' রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 04:41 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

শেরপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট দিনের ব্যবধানে শেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে আবারো কয়েকশ' রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ঝিনাইগাতি উপজেলার গজনী এলাকার একটি কালভার্টের নিচ থেকে চাইনিজ রাইফেলের ৩৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত ৯ মে একই এলাকার বাকাকুড়া গুচ্ছগ্রামের এটি বাড়ির উঠানে মাটির গর্তে লুকানো অবস্থায় ৯৯৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিলো। এর আগে ২০১০ সালের ১৮ ডিসেম্বর একই গ্রাম থেকে ১৩ হাজার ৬৮০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সালাহ উদ্দিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৬টার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ গজনী এলাকার বাকাকুড়া সড়কের একটি কালভার্টের নিচ থেকে এসব গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, দুটি পলিথিনে মোড়ানো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে গুলিগুলো লুকানো ছিলো। এগুলোর গায়ে ৮১১৯২, ৮১১৯৩, বি১৯২ নম্বরগুলো লেখা রয়েছে। এ সব গুলি শেরপুর সদর থানার মালখানায় রাখা হয়েছে। গুলিগুলো কারা এনেছিলো, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। গত বছর উদ্ধার করা গুলি ভারতের বিদ্রোহী একটি দলের বলে সীমান্ত রক্ষী বাহিনী তখন জানিয়েছিলো। ঝিনাইগাতী থানার ওসি তদন্ত তমিরুদ্দিন জানান, এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০৪০ ঘ.