২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি: মহিউদ্দিন ও ছাত্রলীগের সঙ্গে বৈঠক করলো কর্তৃপক্ষ

উদ্ভূত পরিস্থিতি নিরসনে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও ছাত্রলীগের একাংশের সঙ্গে বৈঠক করেছে চবি প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্ভূত পরিস্থিতি নিরসনে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও ছাত্রলীগের একাংশের সঙ্গে বৈঠক করেছে চবি প্রশাসন। সোমবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত বৈঠক শেষে ছাত্রলীগ তাদের অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে। চবি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের একাংশের সঙ্গে আলোচনা করে দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছি। অবরোধ স্থগিত করায় নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠানে আর বাধা নেই। ছাত্রলীগের অবরোধকারী পক্ষের নেতা ও চবি শাখা ছাত্রলীগ সহ- সভাপতি আনিসুজ্জামান ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ স্থগিত করা হয়েছে। সকালে শাটল ট্রেন ও শিক্ষক বাসে হামলা ও ভাংচুরের ঘটনার পর পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এ প্রেক্ষিতে চবি কর্তৃপক্ষ ১০ সদস্যের একটি কমিটিও গঠন করে। জীব বিজ্ঞান অনুষদের ডিন নুরুল আনোয়ারের নেতৃত্বে গঠিত কমিটি সোমবার বিকালে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় দেখা করে। রাত ৯টায় উপাচার্য আলাউদ্দিন জানান, কমিটি নগরীতে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন। মহিউদ্দিন চৌধুরীও তার বাসায় চবি শিক্ষকদের দেখা করার বিষয়টি স্বীকার করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষিয় নিয়ে আলাপ হয়েছে। আমি আমার মতামত দিয়েছি। শিক্ষকরাও তাদের বক্তব্য দিয়েছেন। অন্যদিকে সোমবার সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে চবি শাখা ছাত্রলীগের অবরোধকারী অংশের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। দুই দফায় রাত ৯টা পর্যন্ত বৈঠক চলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিবদমান তিনটি পক্ষ রয়েছে। এদের মধ্যে দুটি মহিউদ্দিন চৌধুরী এবং অপরটি আ জ ম নাছির সমর্থিত। বৈঠকে অংশ নেওয়া ছাত্রলীগনেতা ইমন জানান, বৈঠক সফল হয়েছে। তবে এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আমরা আবারো আন্দোলনে যাবো। ১১ দিন বন্ধ থাকার পর গত ১৪ মে চবি খোলার দিনেই ছয় দফা দাবিতে অবরোধের ঘোষণা দেয় ছাত্রলীগের রাকিব-সাকিব পক্ষের নেতারা। ওই দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছয় দফা দাবি জানানো হলেও রোববার পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে তা কমে দাঁড়ায় পাঁচটিতে। শনিবারের প্রেস বিজ্ঞপ্তিতে প্রথম দফা ছিল ভারপ্রাপ্ত উপাচার্যের অপসারণ। এ দাবি থেকে সরে আসার বিষয়ে আনিসুজ্জামান ইমন বলেন, আমাদের পক্ষের নেতাদের মতামতের ভিত্তিতে ওই দাবি থেকে সরে এসেছি। সোমবারের (আজকের) বৈঠকে এর মধ্যে তিনটি দাবি বিবেচনার আশ্বাস দেয় চবি প্রশাসন। এগুলো হলো- ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে করা 'মিথ্যা মামলা' প্রত্যাহার, একটি ছাত্রাবাস থেকে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত ও সব আবাসিক হলে ছাত্রলীগের অবস্থান সুনিশ্চিত করা। এ বিষয়ে উপাচার্য বলেন, বাসে হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া করা হবে। ট্রেনের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। বিকালে সিন্ডিকেটের জরুরি বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করে পৃথক বৈঠক করার সিদ্ধান্ত নেয় চবি প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডচটকম/প্রতিনিধি/সিএম/এমসি/পিডি/২২৫১ ঘ.