ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস মঙ্গলবার।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীর একদল সদস্য হত্যা করার পর ১৯৮১ সালের এই দিন ঢাকায় ফেরেন শেখ হাসিনা।
শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় দু'বোন সেদিন প্রাণে বেঁচে যান।
শেখ হাসিনার অবর্তমানে তার অনুপস্থিতিতেই ১৯৮১ সালে আওয়ামী লীগের সম্মেলনে তাকে দলের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়। এরপর ভারত থেকে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা।
সেদিন ঢাকায় ফিরেই তেজগাঁও বিমানবন্দর থেকে শেখ হাসিনা সরাসরি মানিক মিয়া এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত লাখো জনতার সমাবেশে অংশ নিয়ে বলেছিলেন, "সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনকের হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই।"
১৯৮১ সাল থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা দলের সভাপতি রয়েছেন। এই সময়ের মধ্যে তিনি দু'দফা সরকার প্রধান ও সংসদে তিন দফা বিরোধীদলীয় নেতা হিসেবে ভূমিকা রাখেন।
দলীয় সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন দেশব্যাপী ব্যাপক কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া, সকাল ১০টায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ এবং দুপুর ১টা ৩০ মিনিটে বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ।
এছাড়াও শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনের প্রধান কর্মসূচি হিসাবে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আনন্দ শোভাযাত্রা বের করবে মহানগর আওয়ামী লীগ। এছাড়াও দিসবটির কর্মসূচি হিসাবে থাকবে পোস্টার, লিফলেট, বিলবোর্ড, স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫৬ ঘ.
bdnews24