২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তদন্তে তারেকের নাম এলে কাঠগড়ায় দাঁড়াতেই হবে'

২১ আগস্ট গ্রেনেড হামলা বা ১০ ট্রাক অস্ত্র মামলায় কাউকে 'জড়ানো' হচ্ছে না দাবি করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মামলার তদন্তে তারেক রহমান বা প্রভাবশালী কারো নাম এলে তাদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা , মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা বা ১০ ট্রাক অস্ত্র মামলায় কাউকে 'জড়ানো' হচ্ছে না দাবি করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মামলার তদন্তে তারেক রহমান বা প্রভাবশালী কারো নাম এলে তাদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৪ মে এক অনুষ্ঠানে অভিযোগ করেন, সরকার ১০ ট্রাক অস্ত্র ও ২১ অগাস্টের গ্রেনেড মামলায় তারেক রহমানকে জড়ানোর 'চক্রান্ত' করছে। এসব মামলাকে 'মিথ্যা' আখ্যায়িত করে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক শফিকুল্লাহ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দ এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখছেন বলেও মন্তব্য করেন ফখরুল। তার ওই বক্তব্যের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন প্রতিমন্ত্রী বলেন, "এসব ঘটনায় তারেক জড়িত ছিলেন আমরা তা কখনো বলিনি। তারা কীভাবে জানলো যে তারেক রহমান এ মামলায় জড়িয়ে যাচ্ছে? মূল কথা হলো- ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।" এসব মামলার অধিকতর তদন্ত শিগগিরই শেষ হবে জানিয়ে কামরুল ইসলাম বলেন, তখন ঘটনার নেপথ্যের নায়কদের নাম বেরিয়ে আসবে। তদন্তাধীন দুটি মামলার বিষয়ে মির্জা ফখরুলের ওই বক্তব্যকে 'মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টার শামিল' বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, "রাজনৈতিক বক্তব্য এক জিনিস আর তদন্তকারী কর্মকর্তাদের হুমকি দেওয়া অন্য জিনিস।" বিগত সরকারের আমলে এসব মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছিল মন্তব্য করে কামরুল বলেন, "যাদের সাহায্যে অস্ত্র খালাস করা হয়েছে এবং গ্রেনেড হামলা করা হয়েছে- তাদের নাম তদন্তে বেরিয়ে আসছে। রেজাকুল হায়দার, মুফতি হান্নানের জবানবন্দিতে নেপথ্য নায়কদের নাম পাওয়া গেছে।" তিনি বলেন, এ দুই ঘটনায় 'হাওয়া ভবন' যে জড়িত ছিল- সাধারণ মানুষ তা আগেই ধারণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৮৩৯