২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে ফতোয়া: আদমদীঘির ওসিকে আদালতে হাজিরের নির্দেশ

ফতোয়া দিয়ে গৃহবধূকে মাথা ন্যাড়া করার ঘটনায় আসামিদের গ্রেপ্তার না হওয়ার কারণ জানতে চেয়ে বগুড়ার আদমদীঘির থানার ওসিকে আদালতে হাজির হতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 06:13 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়া দিয়ে গৃহবধূকে মাথা ন্যাড়া করার ঘটনায় আসামিদের গ্রেপ্তার না হওয়ার কারণ জানতে চেয়ে বগুড়ার আদমদীঘির থানার ওসিকে আদালতে হাজির হতে বলেছে হাইকোর্ট। বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওই গৃহবধূর করা মামলার পাঁচ আসামিকে নিয়ে আগামী ২২ মে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ জানাতে বলা হয়। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই আদেশ দেয়। আদালত একই সঙ্গে ওই গৃহবধূর দায়ের করা মামলাটি দেখাশোনার দায়িত্ব বগুড়া জেলার পুলিশ সুপারকে দিয়েছে। গত ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত বিভিন্ন দৈনিকে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন নজরে আনলে এই আদালত এই আদেশ দেয়। প্রতিবেদনগুলো আদালতে নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল্লাহ ও অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। সরকার পক্ষে ছিরেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। ইদ্রিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বগুড়ার আদমদিঘী উপজেলার বিনাহালী গ্রামে বাসিন্দা লাভলী বেগমকে গ্রাম্য সালিশদাররা গত ৬ মে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ন্যাড়া করে দেয়। এ কাজে সহযোগিতা করেন লাভলীর নেশাগ্রস্ত স্বামী আব্দুুল কাদের। লাভলী স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে আদমদিঘী থানায় একটি মামলা করেন। "এরপর স্বামী আব্দুল কাদেরসহ অন্য আসামিরা তাকে এলাকা ছাড়া করে। মামলার অন্য আসামিরা হচ্ছেন এলাকার মাতব্বর সাদেক হোসেন বাবু, উজ্জ্বল ও শফিকুল।" পরে আসামিরা লাভলীর বোন শিল্পী বেগমকেও এলাকা ছাড়তে বাধ্য করে বলে জানান ইদ্রিসুর। আদমদীঘির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মোত্তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বামী আব্দুল কাদেরকে গত ১২ মে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ মে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় বলা হয়, প্রায় ১৪ বছর পূর্বে বিনাহালী গ্রামের লাভলী বেগমের সঙ্গে অর্জুনগাড়ী গ্রামের আব্দুল কাদেরের বিয়ে হয়। তারা ৫ বছর পূর্বে কাজের সন্ধানে ঢাকায় যায়। সেখানে গার্মেন্টসে স্বামী-স্ত্রী কাজ করত। এক পর্যায়ে কাদের নেশাসহ বিভিন্ন কারণে সময়ে-অসময়ে লাভলীর কাছে টাকা দাবি করত। না দিলে নির্যাতন করতো। প্রতিবেদনে আরো বলা হয়, পরে প্রচুর ধার দেনা হয়ে গেলে তাকে ও সন্তানদের ফেলে কাদের গ্রামের বাড়িতে চলে আসে এবং লাভলীর বিরুদ্ধে কুৎসা রটাতে থাকে। এর পর তাদের পারিবারিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ৬ মে লাভলী ঢাকা থেকে বাবার বাড়ী বিনাহালী গ্রামে আসলে সালিশ বসিয়ে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/০০০৯ ঘ.