ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী এলাকায় রোববার রাতে দুটি ভবনের মাঝখানে গ্যাস লাইনে আগুন ধরে যায়। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার পর অয়্যারলেস গেট এলাকার একটি গার্মেন্ট ভবন ও বৈশাখী টেলিভিশন ভবনের মাঝখানের গ্যাস লাইনে আগুন ধরে যায়। পাইপ থেকে আগুন প্রায় ২৫ ফুট উপরে উঠে গেলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
বৈশাখী টেলিভিশনের নিউজ রুম সমন্বয়ক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করেন। তাৎক্ষণিকভাবে ভবন দুটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার ব্রিগেডের ফায়ারম্যান আনিসুর রহমান জানান, লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করার পর রাত পৌনে ১২টার দিকে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
ফায়ার ব্রিগেডের পরিচালক (অপারেশনস) মেজর মাহাবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাস লাইনে ছিদ্র থাকায় কোনোভাবে এ ঘটনা ঘটেছে। আগুন নিভে গেছে, ছিদ্র মেরামতের কাজ চলছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এনআইএইচ/জেকে/২৩৪৬ ঘ.
bdnews24