নারায়ণগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে বাস ভাড়া নিয়ে এক যুবককে প্রচণ্ড মারধর করেছে বাস মালিক ও শ্রমিকরা।
রোববার দুপুরে শহরের খানপুর এলাকার শীতলক্ষ্যা পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রাকিব হোসেন (৩০) নামের ওই যুবককে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব হোসেন আমলাপাড়া এলাকার রাজু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাকিব ও তার কয়েকজন বন্ধু শীতলক্ষ্যা পরিবহন বাসে ওঠা নিয়ে বাসের সুপারভাইজারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাকিব ও তার বন্ধুরা সুপারভাইজার সিদ্দিককে মারধর করে।
এরপর শীতলক্ষ্যা পরিবহনের শ্রমিকরা রাকিবকে ধরে পিটুনি দিয়ে ওই পরিবহনের অফিসে আটকে রাখে। সেখানে শীতলক্ষ্যা পরিবহনের পরিচালক জিল্লুর রহমান লিটন ওরফে বোটকা লিটন ও তার সহযোগীরা রাকিববে আবারো মারধর করে।
এ ব্যাপারে বোটকা লিটন জানান, রাকিব নামের যুবকটি বিনা পয়সায় বাসে ওঠার সময় সুপারভাইজার সিদ্দিক বাধা দেয়। এসময় তাকে মারধর করে রাকিব। পরে রাকিবকে অন্য পরিবহন শ্রমিকরা আটকে রাখে। খবর পেয়ে তিনি (লিটন) রাকিবকে উদ্ধার করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আকতার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ নিয়ে এলে উভয়পক্ষ থেকেই নেওয়া হবে।
শীতলক্ষ্যা পরিবহন নামের বাসগুলো নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে চাষাঢ়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল (চিটাগাং রোড) পর্যন্ত চলাচল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৮ ঘ.
bdnews24