২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের ভেতরে ছিনতাই

মাগুরা শহরে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন এক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

মাগুরা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। রোববার অগ্রণী ব্যাংকের এম আর রোডের শাখায় এ ছিনতাই হয়। ব্যবসায়ী আয়ুব হোসেনের ভাই ফারুক হোসেন সাংবাদিকদের জানান, দুপুর ১টার দিকে আয়ুব হোসেন ব্যাংক থেকে দু'লাখ টাকা তোলেন। এরপর তিনি ব্যাংকের ভিতরে সোফায় বসে টাকাগুলো আবার মিলিয়ে নিচ্ছিলেন। এ সময় তিন যুবক এসে টেবিলে রাখা তার টাকাগুলো থেকে ৭৩ হাজার টাকার একটি বান্ডিল নিয়ে পালিয়ে যায়। ফারুক হোসেন অভিযোগ করেন, ওই সময় ব্যাংকে কোনো নিরাপত্তা প্রহরী ছিলো না। ফারুক চিৎকার করলেও ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী এগিয়ে আসেনি। তিনি বলেন, এ ঘটনার পর শহরের বিক্ষুব্ধ ব্যবাসয়ী ও দোকান কর্মচারীরা ব্যবস্থাপকের কাছে গিয়ে ব্যাংকের ভিতরে নিরাপত্তা ব্যবস্থার ত্র"টি ও অব্যবস্থাপনার প্রতিবাদ করেন। ওই সময় ব্যাংক ম্যানেজার তাদের সঙ্গে অসৈজন্যমূলক আচরণ করেন বলেও ফারুক অভিযোগ করেন। পরে ব্যবসায়ীরা থানায় গেলে পুলিশ তাদের লিখিত অভিযোগ করতে বলে। ব্যাংকের ব্যববস্থাপক সদর উদ্দিন বলেন, "টাকা ছিনতাইয়ের অভিযোগ শুনেছি। তবে ব্যাংকের গেটে এ ঘটনা ঘটেছে। গ্রাহকের অব্যবস্থাপনার অভিযোগ সত্য নয়।" সদর থানার ওসি আব্দুর রকিব খান বলেন, 'সুনির্দিষ্টভাবে' ব্যাংক থেকে টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা তার জানা নেই। ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ জানালে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৩ ঘ.