ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান নায়েবে আমির মো. আব্দুল হান্নান ওরফে সাব্বিরকে এবার ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিন নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।
সিআইডির বিশেষ সুপার ও এ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরকে ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানান।
সিপিবির জনসভায় বোমা হামলা মামলায় দুই দফায় ১০ দিনের হেফাজত শেষে রোববারই তাকে আদালতে হাজির করা হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।
গত ২৬ এপ্রিল কেরানীগঞ্জ থেকে সাব্বির এবং হুজির আরেক সদস্য আইনুল হককে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৮১০ ঘ.
bdnews24