ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত মুক্তা বেগম (১৯) উত্তরা তিন নম্বর সেক্টরের নয় নম্বর রোডের পাঁচ নম্বর বাসার গৃহকর্মীর কাজ করতেন।
ভুট্টু শেখ (৩২) ও মনির হোসেন (২৪) নামের দুই ব্যক্তি রোববার সকাল ১১টার দিকে মুক্তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
পুলিশ ভুট্টু ও মনিরকে (২৪) আটক করেছে। তারা ওই বাড়ির মালিক মোহাম্মদ আলী মনির প্রতিষ্ঠানের কর্মচারী।
গৃহকত্রী নাসিমা হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, মুক্তা পাঁচ বছর ধরে তাদের বাসায় কাজ করছিলেন। রোববার সকালে নাসিমা দুই বাচ্চাকে নিয়ে স্কুলে গেলে মুক্তা ছাদে ওঠে লাফিয়ে পড়ে। এরপর ভুট্টু ও মনির তাকে হাসপাতাল নিয়ে যায়।
নাসিমা বলেন, "পাশের একটি নিমার্ণাধীন ভবনের এক শ্রমিকের সঙ্গে মুক্তার প্রেমের সম্পর্ক ছিল। তার সঙ্গে মনোমানিল্য হওয়ার কারণে মুক্তা ছাদ থেকে লাফিয়ে পড়েছে বলে আমার ধারণা।"
পাঁচ বছর আগে এক লোক মুক্তাকে বাসায় কাজ করতে দিয়ে যায় জানালেও তার বাবা-মার নাম ঠিকানা দিতে পারেননি নাসিমা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, মেয়েটির নাক ও কান দিয়ে রক্ত ঝরেছে। কিন্তু হাত-পা অক্ষত ছিল।
তিনি বলেন, "বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়। এ কারণে দুজনকে আটক করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/জেকে/১৭২৯ ঘ.
bdnews24