মানিকগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে শনিবার রাতে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত ইমরান হোসেন (২২) সাভার গণবিশ্ববিদ্যালয়ের এলএলবি (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার রমনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, শনিবার সন্ধ্যায় ইমরানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু সেলিম। এরপর রাত ১০টার দিকে স্থানীয়রা বাড়ির কাছে একটি সেতুর পাশ থেকে গুরুতর আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে ইমরানকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে এসআই বলেন, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে আটক করা হয়েছে।
সদর থানার ওসি মো. আবু তাহের মিয়া জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৩০১ ঘ.
bdnews24