ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের সপ্তম সংশোধনী নিয়ে আপিলের রায় রোববার দিবে আপিল বিভাগ।
বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ এ রায় দেবে।
আপিল বিভাগের রোববারের কার্য তালিকায় আবেদনটিকে 'রায় ঘোষণার জন্য' তালিকায় রাখা হয়েছে। এ দিনের কার্যতালিকায় রায় ঘোষণার জন্য আর কোনো আবেদন নেই।
গত ১০ মে শুনানি শেষে আপিল আবেদনটিকে 'রায়ের জন্য অপেক্ষমাণ' তালিকায় রাখা হয়।
একটি হত্যা মামলায় সামরিক আদালতে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদ হাইকোর্টে রিট আবেদন করলে গত বছরের ২৬ অগাস্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। রায়ে সিদ্দিকের সাজা বহাল থাকে।
এরপর গত ১১ এপ্রিল হাইকোর্টের রায়ের অংশ বিশেষের বিরুদ্ধে আপিল করেন সিদ্দিক। চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
আপিলের শুনানিতে সর্বোচ্চ আদালত আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসেবে চারজনকে নির্বাচন করে। এদের মধ্যে তিনজন আদালতে বক্তব্য দেন। এরা হলেন- রফিক উল হক, মাহমুদুল ইসলাম, এম. আমীর-উল ইসলাম।
আরেক আদালত-বন্ধু আজমালুল হোসেন কিউসি বিদেশে থাকায় বক্তব্য দেননি। তিনি লিখিত বক্তব্য দেবেন বলে ১০ মে আদালতকে জানিয়েছিলেন।
একই দিন আদালত-বন্ধুদের পাশাপাশি সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আপিলকারীর পক্ষে সৈয়দ আমিরুল ইসলাম বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১০২ ঘ.
bdnews24