২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন তদারকিতে ১২ শ' হাকিম চায় ইসি

দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আট শতাধিক নির্বাহী ও চার শতাধিক বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 05:13 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আট শতাধিক নির্বাহী ও চার শতাধিক বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিবালয়ের উপ সচিব (আইন শাখা) হেলাল চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে জন প্রশাসন ও আইন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এই কর্মকর্তা জানান, নির্বাচনের আগে-পরে নির্বাহী হাকিম ৫ দিন ও বিচারিক হাকিম ৪ দিন সংশ্লিষ্ট উপজেলায় দায়িত্ব পালন করবেন। এবার ৪১৪টি উপজেলার প্রতিটিতে দুইজন করে নির্বাহী হাকিম ও একজন করে বিচারিক হাকিম নিয়োজিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ মে থেকে ৫ জুলাই দ্বিতীয় পর্যায়ের এ নির্বাচনে দেশের ৪১৪টি উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল প্রথম দফা নির্বাচনে পাঁচ শতাধিক ইউনিয়নের ভোট গ্রহণে উপজেলাভিত্তিক একজন করে নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ঝুঁকিপূর্ণ বিবেচনায় বরিশাল বিভাগের কয়েকটি উপজেলায় ইউনিয়নভিত্তিক হাকিম নিয়োগ দেয় ইসি। হেলাল চৌধুরী জানান, মন্ত্রণালয়ের তালিকা পেলেই নির্বাচনের তিন দিন আগে নির্বাহী ও দুই দিন আগে সংশ্লিষ্ট এলাকায় বিচারিক হাকিম নিয়োজিত করার প্রজ্ঞাপন জারি করা হবে। ভোটের দিন নির্বাহী হাকিম স্ট্রাইকিং বা মোবাইল ফোর্সের নেতৃত্ব দেবেন। এতো কর্মকর্তা একসঙ্গে না পেলে পর্যায়ক্রমে এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হতে পারে বলে জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত ও সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে এ হাকিমরা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং নির্বাচনী অপরাধের জন্য দুই থেকে সাত বছরের কারাদণ্ড দিতে পারবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২২১৩ ঘ.