পটুয়াখালী, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর জৈনকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ আলমকে (৪০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম প্রহরে জৈনকাঠি কলেজ সংলগ্ন ফিরোজের বাড়িতে সন্ত্রাসীরা ঢুকে তাকে কুপিয়ে জখম করে।
তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিরোজের ভাই জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ১২টার দিকে ১০-১২ জন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ফিরোজ তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে কুপিয়ে জখম করে। এরপর তারা পালিয়ে যায়।
"ফিরোজকে হত্যার জন্যই সন্ত্রাসীরা এ হামলা চালায়", বলেন তিনি।
পটুয়াখালীর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আজাদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু বকর সিদ্দিক ও সদর থানার ওসি তপন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২০ ঘ.
bdnews24