বরিশাল, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠীর কলেজ ছাত্র লিমন হোসেনের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার, যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।
বুধবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন করে মানবধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি (মাপসাস)। লিমনের মা হেনুয়ারা বেগমও মানববন্ধনে অংশ নেন।
গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত হয় লিমন। গুলিবিদ্ধ লিমনের দাবি, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়।
লিমনের বিরুদ্ধে র্যাব যে দুটি মামলা করে তার একটিতে বিচারিক আদালত তাকে কারাগারে পাঠিয়েছিলো। তবে হাইকোর্ট তাকে জামিন দেয়।
কারা হেফাজতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লিমন চিকিৎসা চলে লিমনের। সোমবার মুক্ত হন তিনি। বর্তমানে লিমন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
হেনুয়ারা বেগম পঙ্গু লিমনের পুনর্বাসন ও তার বিরুদ্ধে র্যাবের মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মাপসাস বিভাগীয় সভাপতি লীলা রাণী দত্ত, সাধারণ সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লভ, জেলা সভাপতি দীপক লাল দত্ত, মহানগর সভাপতি সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সুমন, সাংবাদিক সাইফুর রহমান মিরণ, সুশান্ত ঘোষ, জাকির হোসেন, মঞ্জুরুল ইসলাম, মো. হোসেন সিকদার, শারমিন সুলতানা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৩০ ঘ.
bdnews24