ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কলাবাগানের নিজ বাসায় খুন হয়েছেন এক প্রকৌশলী।
নিহত গোলাম রহমান (৫৭) সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি অবসরে যান।
রহমানের হাত-মুখ বাঁধা ছিলো। দেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। সম্পত্তির কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।
পুলিশ জানায়, লেক সার্কাসের ২৫/২ নম্বর বাড়ির তৃতীয় তলায় শোবার ঘরে মঙ্গলবার রাতে রহমানের লাশ পাওয়া যায়। তার কমাল ছিলো থেতলানো। বুকের ডান পাশে, পেটের ডান পাশে, ডান উরুসহ শরীরের বেশ কয়েকটি জায়গায় ছিদ্র রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "গোলাম রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্পত্তির কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।"
হত্যাকাণ্ডের সময় বাড়িতে রহমান ও গৃহকর্মী নূর ইসলামই শুধু ছিলেন। তবে ঘটনার পর থেকে নূর (১৯) নিখোঁজ।
রহমানের শ্যালক শাহিন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বোন শাহানা রহমান গত ৪ মে ছোট মেয়ে বিপাশা-এ-নূরকে নিয়ে গ্রামের বাড়ি ঝিনাইদহ যান। এর কয়েকদিন পর বড় মেয়ে ডা. অলিন বিপাশা টুম্পাও মায়ের কাছে যান।
মঙ্গলবার সন্ধ্যায় স্বামীর মোবাইল ফোন বন্ধ পেয়ে শাহানা ভাই শাহিনকে খবর নিতে বলেন।
শাহিন বলেন, "বোনের ফোন পেয়ে কলাবাগানের বাসায় গিয়ে দরজা তালা লাগানো অবস্থায় দেখি। পর বাড়ির পেছনে টিনশেড ঘরে থাকা তাদের (রহমান পরিবার) গাড়িচালকের স্ত্রী একটি চাবির গোছা দিয়ে বলে, এটি তার শিশু খেলতে গিয়ে পেয়েছে।"
ঘর খুলে রহমানকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। রাত ৮টায় পুলিশ যায়। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
উপ কমিশনার বলেন, "বাসার গৃহপরিচারক কেন পালালো, তা নিয়ে সন্দেহ আছে। তার জড়িত থাকার প্রমাণ পাওয়া না গেলেও সে একজন প্রত্যক্ষ সাক্ষী। এ জন্য তাকে পাওয়াটা এখন জরুরি।"
নিহত প্রকৌশলীর স্ত্রী শাহানা অষ্টম সংসদে বিএনপির মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। এখনও তিনি বিএনপিতে সক্রিয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24