নেত্রকোনা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় চাঁন মিয়া হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার জেলা অতিরিক্ত দায়রা জজ মো. একরামুল হক চৌধুরী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উজ্জ্বল (১৮), সোয়ান (২০) ও বাপ্পী (১৮)। তাদের বাড়ি মোহনগঞ্জ উপজেলার বরুঙ্কা গ্রামে।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম প্রদীপ সাংবাদিকদের জানান, ২০০৮ সালের ১০ জানুয়ারি উজ্জ্বল, সোয়ান ও বাপ্পী সিনেমা দেখার কথা বলে চাঁন মিয়াকে (১৮) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই চাঁন মিয়া নিখোঁজ।
"পাঁচ দিন পর ভেরালী খালে গলায় গামছা বাধা অবস্থায় পুলিশ চাঁনের ভাসমান লাশ উদ্ধার করে", বলেন তিনি।
এ ঘটনায় চাঁনের বড় ভাই সিরাজ মিয়া ১৫ জানুয়ারি মোহনগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে তিন জনকে আসামি করে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১৮ ঘ.
bdnews24