নীলফামারী, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- নীলফামারীর জলঢাকায় কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পড়ে শিল্পী বেগম (১৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। এসময় অন্তত ৫০টি পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
সোমবার ভোর রাত ৩টার দিকে উপজেলা ৩টি ইউনিয়নের উপর দিয়ে ১৫ মিনিট স্থায়ী কালবৈশাখী বয়ে যায়।
এ সময়ই শিল্পী নিহত হন বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
তিনি উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুণ্ডা গ্রামের বাসিন্দা।
জলঢাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারওয়ার হোসেন সাংবাদিকদের জানান, উপজেলার গোলমুণ্ডা, গোলনা ও সউলমারী ইউনিয়নের উপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে ১৫টি গ্রামের প্রায় ৫০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
এসময় পশ্চিম গোলমুণ্ডা গ্রামে ঘরচাপা পড়ে এক গৃহবধূ মারা যান। এসময় তার স্বামী মাহবুবর রহমান (২৭) আহত হন।
মাহবুবর জলঢাকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ইউএনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৫১ ঘ.
bdnews24