২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছগীরকে মারধর: গ্রামীণ ব্যাংক-কর্মীদের কর্মবিরতি

গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ছগীরুর রশিদ চৌধুরীকে মারধরের প্রতিবাদে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারাদেশে বিকেল ৩টা থেকে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে কর্মচারী সমিতি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ছগীরুর রশিদ চৌধুরীকে মারধরের প্রতিবাদে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারাদেশে বিকেল ৩টা থেকে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে কর্মচারী সমিতি। তাদের দাবি, সরকারপক্ষ এবং গ্রামীণ ব্যাংকের 'নির্যাতিত কর্মচারী' পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা এই হামলার সঙ্গে জাড়িত। সোমবার বিকালে ব্যাংক ভবনে কর্মবিরতি চলাকালে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি। ছগীর সাংবাদিকদের বলেন, "আমি এখনো হামলার আশঙ্কা করছি। তাই এখনো বাড়ি ফিরতে পারিনি। আমার বাড়িতে এরই মধ্যে দুটি গোয়েন্দা সংস্থার লোকজন গিয়েছে। আমার পরিবারের লোকজনও নিরাপত্তাহীনতায় ভুগছে।" তার দাবি, অফিস শেষে বাসায় ফেরার পথে ১২-১৩ জন ব্যক্তি তাকে অপহরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাড়িতে নিয়ে নির্মমভাবে মারধর করে। ছগীরের বক্তব্য অনুযায়ী, ২ লাখ টাকা মুক্তিপণ এবং আন্দোলন থেকে সরে আসার শর্তে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। নির্যাতনকারীরা সবাই সাদা পোশাকে থাকলেও তারা আইন প্রয়োগকারী সংস্থার বলে দাবি করেন তিনি। শুক্রবারের ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/জেকে/এএল/১৯৩৮ ঘ.