বরিশাল, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের কথিত বন্দুকযুদ্ধে ঝালকাঠির কলেজছাত্র লিমন পঙ্গু হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কর্মকর্তা রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন।
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে এই কর্মকর্তার সামনে লিমনের পক্ষে ও বিপক্ষে কয়েকজন গ্রামবাসী সাক্ষ্য দেন।
লিমনের বাবা তোফাজ্জল হোসেন অভিযোগ করেছেন, লিমনের বিপক্ষে যারা কথা বলেছে তাদের সঙ্গে তদন্ত কর্মকর্তা বেশি সময় কথা বলেছেন।
লিমনের মা হেনুয়ারা বেগমের সাক্ষ্য নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
মো. শওকত আকবর এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থলে যাওয়ার আগে গ্রামে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছিলো। তবুও লিমনের মা সাক্ষ্য দিতে আসেননি।
তিনি বলেন, লিমনের মায়ের সঙ্গেও কথা বলা হবে। তদন্তের কোথাও ঘাটতি রাখা হবে না।
খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানান শওকত আকবর।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সাংবাদিক রহিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তার কাছে স্থানীয় গ্রামবাসী তুহিন, ইব্রাহিম ও মানিক জমাদ্দার সাক্ষ্য দেন। তারা লিমনকে সন্ত্রাসী মোর্শেদের সহযোগী বলে দাবি করেন।
এ সময় সেখানে উপস্থিত প্রতিবেশী মিনারা বেগম, হোসনেয়ারা বেগম, ফিরোজা বেগম ও লিমনের বোন লিপিসহ বেশ কয়েকজন এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ করেন।
এ সময় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়।
লিমনের বোন লিপি অভিযোগ করেন, যারা লিমনের বিরুদ্ধে কথা বলেছে এদের মধ্যে মানিক জমাদ্দার একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। অন্যরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
ওইদিন ঘটনার প্রত্যক্ষদর্শী শিশু রসুল (৯) তদন্ত কর্মকর্তা শওকত আকবরকে বলেন, "লিমনকে র্যাব গুলি করার আগে আমি ও লিমনসহ তিনজন সাতুরিয়ার জমাদ্দার হাট সংলগ্ন ব্রিজে বসা ছিলাম।
"সেখানে র্যাব এসে লিমনকে সন্ত্রাসী মোর্শেদের সহযোগী বলে তার জামার কলার ধরে টেনেহিঁছড়ে কলাবাগানে নিয়ে যায়। তারপর একটি গুলির শব্দ হলে লিমন মা বলে চিৎকার করে।"
তদন্ত কর্মকর্তার সঙ্গে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, রাজাপুর থানার ওসি তোফাজ্জেল, কাঠালিয়া থানার ওসি এসএ খালেক ও লিমনের মায়ের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম তালুকদার উপস্থিত ছিলেন।
গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র্যাবের অভিযানে গুলিতে আহত হয় লিমন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়।
ঘটনার দিনই র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা দান, হত্যা চেষ্টা ও র্যাব সদস্যদের আহত করার অভিযোগে লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে।
সরকারি কাজে বাধা দান মামলায় আগে জামিন হয় লিমনের। পরে হাইকোর্ট থেকে জামিন হয় অস্ত্র মামলায়। কিন্তু অস্ত্র মামলায় জামিনের কাগজপত্র এখনো হাতে না পৌঁছায় লিমনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে।
এ ব্যাপারে লিমনের মায়ের দায়ের করা মামলার আইনজীবী আক্কাস সিকদার বলেন, হাইকোর্টের জামিনের কাগজপত্র এসে পৌঁছেনি। সোমবার এসে পৌঁছতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/কেএমএস/পিডি/২০৫০ ঘ.
bdnews24