২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি'র 'সাজানো মামলা'

এলাকায় দলাদলির জেরে সাতক্ষীরায় সাবেক ইউপি সদস্যকে বিজিবি সদস্যরা সাজানো মাদক চোরাচালান মামলায় আসামি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

সাতক্ষীরা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় দলাদলির জেরে সাতক্ষীরায় সাবেক ইউপি সদস্যকে বিজিবি সদস্যরা সাজানো মাদক চোরাচালান মামলায় আসামি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমানের স্ত্রী ফেরদৌসী বেগম। গত ৭ এপ্রিল মিজানুর রহমানকে গ্রেপ্তার করে বিজিবি। পরদিন তাকে দেবহাটা থানায় সোপর্দ ও মামলা করে। ৩ মে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ ওবায়দুস সোবহানের আদালত থেকে তিনি জামিনে মুক্ত হন। লিখিত অভিযোগে ফেরদৌসী বেগম জানান, গত ৭ এপ্রিল তার স্বামী মিজানুর রহমান ভাড়ায় চালিত মোটরসাইকেলে বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে ভাতশালা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প সদস্যরা তাকে ধরে একটি কক্ষে নিয়ে প্রচণ্ড মারধর করে। ফেরদৌসী বলেন, খবর পেয়ে তিনি ক্যাম্পে গিয়ে সন্ধ্যার পর স্বামীর সঙ্গে দেখা করেন। ওই সময় বিজিবি সদস্যরা তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তাকে ভারতীয় ফেন্সিডিল চোরাচালান মামলায় আসামি করা হবে বলে হুমকি দেয়। পরদিন তাকে দেবহাটা থানায় সোপর্দ এবং বিজিবি ৪১ ব্যাটালিয়নের ভাতশালা বিওপির হাবিলদার খলিলুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় বলা হয়, আট বোতল ভারতীয় মদসহ আগের দিন রাত সাড়ে ৩টায় মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ফেরদৌসী বেগম আরো অভিযোগ করেন, তাদের গ্রামে সদ্য নির্বাচিত ইউপি সদস্য কামরুল ও তার সহযোগী হোসেন আলী এই বিজিবি সদস্যদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিবির দায়ের করা এ মামলায় সাক্ষীরা সবাই বিজিবি সদস্য। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না। দেবহাটা উপজেলা চেয়ারম্যান স. ম. গোলাম মোস্তফাসহ এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তি মিজানুর রহমানকে নির্দোষ দাবি করেন। তারা এই মিথ্যা মামলা প্রত্যাহার করে বিজিবি ৪১ ব্যাটালিয়নের ভাতশালা বিওপির হাবিলদার খলিলুর রহমান, নায়েক আইয়ুব আলী ও ল্যান্স নায়েক আফজাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান কর্তৃপক্ষের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৮ ঘ.