চট্টগ্রাম, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতের ঘটনার পর রাত পৌনে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জানে আলম (২২) মারা যান।
জানে আলম রহমান নগর এলাকার আবুল হাশেমের ছেলে। তিনি আসবাবপত্রের দোকানে কর্মরত ছিলো। এ ঘটনায় আবুল হাশেম মামলা করেছেন।
আসামিরা হলেন-একই এলাকার সাইফুদ্দিন আহমেদ রবির ছেলে রিয়াসাত আহমেদ ওরফে জয়, আবদুল হাকিমের ছেলে আতিকুর রহমান ও হিলভিউ আবাসিক এলাকার মো. আসিফ।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রহমান নগরের বি ব্লকে ক্রিকেট খেলা নিয়ে রাতে আসামিদের সঙ্গে জানে আলমের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তারা জানে আলমের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে।
আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা একইসঙ্গে সবসময় এলাকায় ক্রিকেট খেলতো। বুকে ও পেটে ছুরিকাঘাতে জানে আলমকে মারা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩৫৪ ঘ.
bdnews24