২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে রবীন্দ্র অনুষ্ঠানমালা শুরু

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে কবির সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

সিরাজগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে কবির সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু হয়েছে। রোববার বেলা পৌনে ১২টায় অনুষ্ঠান উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এর মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে শাহজাদপুর কাচারীবাড়িতে ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হলো। উদ্বোধন অনুষ্ঠানের পর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে স্থানীয়রা মন্ত্রীকে স্মারকলিপি দেয়। এবারই প্রথম ভারত-বাংলাদেশের শিল্পীদের সমন্বয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এ উপলক্ষে কাচারীবাড়ির পাশেও বসেছে গ্রামীণ মেলা। শনিবার রাত থেকেই দোকানিরা সেখানে পসরা সাজিয়ে বসে। সকালে শাহজাদপুর ও আশপাশের লোকজন অনুষ্ঠানে আসতে থাকে। শাহজাদপুরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। উপজেলার প্রবেশ মুখে মহাসড়কে স্থাপন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল ভাস্কর্য। উদ্বোধন অনুষ্ঠানের পর শাহজাদপুর কাচারীবাড়ি মিলনায়তনে শুরু হয়েছে আলোচনা সভা। বিকেল ৩টায় দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন টিভি চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩২০ ঘ.