২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানের মূলনীতি পরিবর্তনে গণভোট অপরিহার্য: মওদুদ

সংবিধানের প্রস্তাবনা ও মূলনীতি পরিবর্তনে গণভোটের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের প্রস্তাবনা ও মূলনীতি পরিবর্তনে গণভোটের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। শুক্রবার বিকালে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সাবেক এই আইনমন্ত্রী অভিযোগ করেন, "সংবিধান সংশোধন নিয়ে মহাজোট সরকার দেশে এক মহাবিভ্রান্তির সৃষ্টি করছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে গোজামিল দিয়ে সংবিধানের প্রস্তাবনা ও মূলনীতিতে পরিবর্তন আনা হলে তা শুভ হবে না।'' এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, এর প্রস্তাবনা এবং মূলনীতি (অনুচ্ছেদ-৮), অনুচ্ছেদ-৪৮ এবং ও ৫৬ এর কোনো কিছুই সংসদে পাস হলেও গণভোট ছাড়া পরিবতন করা যাবে না। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইয়ুথ ফোরাম 'সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সংলাপ : প্রতিক্রিয়া ও বাস্তবতা' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। আগামী ২২ মে জাতীয় সংসদের অধিবেশন আহবান প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই অধিবেশনটি সংবিধান সংশোধনের জন্য বিশেষ অধিবেশন না বাজেট অধিবেশন- তা সরকারকে আগেভাগে পরিষ্কার করতে হবে। এরপরই বিএনপি সংসদীয় দলের সভা করে ওই অধিবেশনে যোগদানের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।'' সংবিধানের মূলনীতি ও প্রস্তাবনা পরিবর্তনে গণভোটের প্রয়োজন নেই বলে এ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত যে মন্তব্য করেছেন তা নাকচ করে দেন মওদুদ। এ বিষয়ে তিনি বলেন, "রাজনৈতিক কারণে সুরঞ্জিত বাবু সংবিধান সংশোধনের এই ধারা সঠিকভাবে ব্যাখ্যা করেননি। ১৪২ অনুচ্ছেদে এটা পরিষ্কার লেখা আছে- সর্বসম্মতভাবে সংবিধানের প্রস্তাবনা, মূলনীতি, অনুচ্ছেদ ৪৮ ও ৫৬ - এগুলোতে পরিবর্তন কিংবা সংশোধনী সংসদে পাস হলেও সে বিষয়ে জনগণের মতামত নিতে গণভোটে যেতে হবে।'' সংবিধান মুদ্রণেরও কঠোর সমালোচনা করেন সাবেক এই আইনমন্ত্রী। সংবিধান সংশোধনে মতামত গ্রহণে বিশেষ কমিটির বৈঠককে 'লোকদেখানো সভা' আখ্যায়িত করেন মওদুদ বলেন, বিল আকারে সংশোধনী না আসা পর্যন্ত এসব আলোচনা নিরর্থক। সংবিধানের ৭০ অনুচ্ছেদ (সংসদ সদস্যদের ফ্লোর ক্রসিং) এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উন্নত ও সময়োপযোগী করারও পরামর্শ দেন তিনি। সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মো. রহমতুল্লাহ, বিএনপি দলীয় সাংসদ শাম্মী আখতার প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএস/এইচএ/১৯১৬ ঘ.