বরিশাল, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলার জামিনের আবেদনের শুনানিতে ঝালকাঠীর আদালতে হাজির করা হয়েছে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত কলেজছাত্র লিমন হোসেনকে।
তার আবেদনের শুনানি শেষে মঙ্গলবার ঝালকাঠী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারুক আহম্মেদ ৯ মে আরো শুনানির জন্য দিন ঠিক করেছেন।
লিমনের আইনজীবী মানিক লাল আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা জামিন চেয়েছিলাম। তবে আদালত আগামী ৯ মে শুনানির তারিখ দিয়েছেন।"
এর আগে ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে চার জন সশস্ত্র পুলিশ পঙ্গু লিমনকে নিয়ে ঝালকাঠী পৌঁছেন। পরে তাকে আদালতে হাজির করা হয়।
লিমনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষে পুলিশের ভাড়া করা একটি মাইক্রোবাসে করে লিমনকে ঝালকাঠী নিয়ে আসা হয়। এ সময় তার বাবা তোফাজ্জল হোসেনও ছিলেন।
এসআই আরিফুল ইসলাম রাজাপুর থানায় লিমনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও অস্ত্র আইনে র্যাবের করা দুটি মামলার তদন্ত কর্মকর্তা।
গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র্যাবের গুলিতে আহত হয় লিমন। গুলিবিদ্ধ লিমনের দাবি, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছিলো।
পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়।
ঘটনার দিনই র্যাব বাদি হয়ে অস্ত্র ও সরকারি কাজে বাধা, হত্যা চেষ্টা এবং র্যাব সদস্যদের আহত করার অভিযোগে লিমনের বিরুদ্ধে ওই মামলা দুটি করে।
তদন্ত শেষে গত ২৪ এপ্রিল অস্ত্র মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। গোপনে পুলিশের দাখিল করা এ অভিযোগপত্রে বলা হয়েছে, লিমন 'সন্ত্রাসী মিজান-মোর্শেদের সহযোগী'।
লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি গণমাধ্যমে উঠে এলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
বিভিন্ন মহলের সমালোচনার মুখে গত ১১ এপ্রিল খোদ র্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান বলেছিলেন, লিমন অবস্থার শিকার হতে পারে। সে দুর্ঘটনার শিকারও হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭১৫ ঘ.
bdnews24