২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুজি নেতা সাব্বির ৫ দিনের রিমান্ডে

নিষিদ্ধ হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান নায়েবে আমির মো. আব্দুল হান্নান ওরফে সাব্বিরকে এবার সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হরকাতুল জিহাদের (হুজি) বর্তমান নায়েবে আমির মো. আব্দুল হান্নান ওরফে সাব্বিরকে এবার সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। সিআইডির তদন্ত বিভাগের পরিদর্শক ও এ মামলার তদন্ত কর্মকর্তা মৃনাল কান্তি সাহা জিজ্ঞাসাবাদের জন্য সাব্বির ও হুজির বর্তমান আমির শেখ ফরিদকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ১০ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন জানান। তবে ফরিদ ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় রিমান্ডে থাকায় তাকে আদালতে আনা হয়নি বলে তার বিষয়ে শুনানি হয়নি। ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) সমাবেশে বোমা হামলায় পাঁচ জন নিহত হয়, আহত হয় অনেকে। হেফাজতের আবেদনে বলা হয়, গত বছরের ১০ অক্টোবর আরেক হুজি নেতা আবু জান্দাল স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সিপিবির সমাবেশে হামলায় সাব্বির ও শেখ ফরিদের জড়িত বলে জানায়। এ মামলায় এর আগে হুজি নেতা মাওলানা আবু তাহের, শেখ আবদুস সালাম, আরিফ হাসান সুমন, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আবদুল লতিফকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ মামলা ছাড়াও সাব্বিরের বিরুদ্ধে কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভাস্থলের কাছে বোমা পুঁতে রাখা, ২১ অগাস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলাসহ ছয়টি মামলা রয়েছে। গত ২৬ এপ্রিল কেরানীগঞ্জ থেকে সাব্বির এবং হুজির আরেক সদস্য আইনুল হককে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৪৫০ ঘ.