চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া ও রামু উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত সাত জন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে পটিয়া থানাধীন বেল্লাপাড়া এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হয় দুজন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মাহফুজুল হক (৬৫) সাতকানিয়ার বাসিন্দা।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাতকানিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার সময় বেল্লাপাড়া সেতুর পাশে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়।
এদিকে কক্সবাজার জেলার রামু উপজেলায় একটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে আরো পাঁচ জন আহত হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে রামু হাসপাতালের কাছে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপের পাঁচ যাত্রী আহত হয়। তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএ/১২৪৫ ঘ.
bdnews24