দিনাজপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দফা দাবিতে বড় পুকুরিয়া কয়লা খনি অবরোধ করেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খনির আবাসিক প্রবেশ পথে পূর্বঘোষণা অনুযায়ী ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু করে নাগরিক এ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা। কর্মসূচিতে কয়েকশ নারী-পুরুষ অংশ নিচ্ছে।
কয়লা উত্তোলন সচল রেখেই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিটির অন্যতম নেতা ও ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু।
তাদের দাবি- খনির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের গত আমন ফসলের জন্য ক্ষতিপূরণ প্রদান, স্থানীয়দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং জমি অধিগ্রহণের জন্য জরিপ কাজ বন্ধ করা।
দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বাবুল জানান।
এদিকে অবরোধের কারণে খনির আবাসিক এলাকায় ঢোকার ফটক এবং খনি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ চার জন নির্বাহী হাকিমও ঘটনাস্থলে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২১২ ঘ.
bdnews24