মানিকগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক চাপায় পিতা নিহত ও পুত্র আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৫০)। তিনি উপজেলার আটিগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক।
আহত হয়েছে তার ছেলে মনির হোসেন (২৪)।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কৈট্টায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সাটুরিয়া থানার ওসি এমএম মোর্শেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের বাড়ি কালীনগর থেকে আলী হোসেন ও মনির মোটরসাইকেলে মানিকগঞ্জ যাচ্ছিলেন।
কৈট্্রা এলাকায় পিছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান।
ট্রাকটি আটক করা হয়েছে। এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
ওসি জানান, আহত মনিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৫০ ঘ.
bdnews24