চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলবাদী শক্তিকে কোনো ছাড় না দিয়ে শক্ত হাতে দমনের আহ্বান জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
শুক্রবার বিকালে চট্টগ্রাম শিশু একাডেমীতে এক অলোচনা সভায় তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান।
'বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, বাংলাদেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা' শীর্ষক এ আলোচনার আয়োজন করে ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম শাখা।
শাহরিয়ার কবির বলেন, মৌলবাদী শক্তিকে ছাড় দিলে তারা জেঁকে বসবে।
সংবিধান সংশোধন বিষয়ে মৌলবাদী শক্তি ধর্মকে সম্পৃক্ত করে রাজনীতি করছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত ইসলামি ধর্মের দোহাই দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিলের পাঁয়তারা করছে উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, "জুলফিকার আলী ভুট্টো এবং জিয়াউর রহমানও তাদের সন্তুষ্ট করতে পারেননি।"
স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক বিষয়ে শাহরিয়ার কবির বলেন, কেবল নির্বাচিত নেতারাই স্বাধীনতার ঘোষণা দিতে পারেন।
তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য চেমন আরা তৈয়ব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও মুক্তিযুদ্ধের গবেষক মাহফুজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নইম উদ্দিন, নারী নেত্রী নুর জাহান খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/ডিডি/২৩১৪ ঘ.
bdnews24