চট্টগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ থানাধীন একটি রি-রোলিং মিলে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মোহাম্মদ কাউছার (৩২) রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) এর ওয়েল্ডিং শ্রমিক। তিনি ঢাকা জেলার দোহা থানাধীন নারিশা পশ্চিম চর এলাকার বাসিন্দা লাল মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোহাম্মদ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানায় কাজ করার এক পর্যায়ে দ্বিতীয় তলা থেকে পড়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হয়।
এখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯২১ ঘ.
bdnews24