ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে অনুমতি না পেলেও আগামী ২৭ মে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামি আইন বাস্তবায়ন কমিটি।
রাজধানীর লালবাগে কমিটির কার্যালয়ে দলটির মজলিসে শুরার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকার সমাবেশস্থল মুক্তাঙ্গনে যদি ১৪৪ ধারা জারিও করে তবে তা ভেঙেই সমাবেশ করা হবে। একই সঙ্গে সমাবেশের অনুমতি না পেলে ২৯ মে হরতাল ডাকারও হুমকি দেওয়া হয়েছে।
'নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে নিয়ম অনুযায়ী ২৭ মে ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশ করার জন্য সরকারের কাছে অনুমতি চাওয়া হবে।'
ঢাকায় মহাসমাবেশ ছাড়াও মে মাস জুড়ে সব বিভাগীয় শহরে সমাবেশ করার কথা রয়েছে ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামি আইন বাস্তবায়ন কমিটির।
ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনীর সভাপতিত্বে ওই সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, মহাসচিব মো. ওয়াক্কাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/পিডি/১৮৫৪ ঘ.
bdnews24