২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচারপতিদের রেহাই দিন'

তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্বে বিচারপতিদের আসার সুযোগ বন্ধ করে সংবিধান সংস্কার করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 10:06 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্বে বিচারপতিদের আসার সুযোগ বন্ধ করে সংবিধান সংস্কার করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির রোববারের বৈঠকে অংশ নিয়ে তিনি তার মত তুলে ধরেন। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রোববার ধারাবাহিক বৈঠকের প্রথম দিন শুরু করেছে সংসদীয় কমিটি। সকাল ১১টায় সংসদ ভবনের দ্বিতীয় তলার কেবিনেট কক্ষে এ বৈঠকের শুরুতেই মতামত দেন মোস্তফা কামাল। অসুস্থ বোধ করায় দুপুর দেড়টার দিকে কমিটির বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মোস্তফা কামাল বলেন, "বিচারপতিদের সামনে তত্ত্ববধায়ক সরকার প্রধানের মুলা ঝুলিয়ে না রেখে তাদের রেহাই দেওয়া হোক। সেক্ষেত্রে সবার পরামর্শ নিয়ে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি কী খুঁজে পাওয়া যাবে না?" "তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে বিচারপতিরা গেলে রাজনৈতিক রঙ দেওয়া হয়। এতে প্রধান বিচারপতিরা বিব্রত হন। এখানে ভালো কাজ করলেও খারাপ। আবার খারাপ কাজ করলেও খারাপ।" বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার যে পরিকল্পনা আইনপ্রণেতারা করছেন, তার পক্ষে মত না দিয়ে সাবেক প্রধান বিচারপতি বলেন, "বৈঠকে এ বিষয়টি ওঠেনি। তবে আমি মনে করি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরো কার্যকর ও শক্তিশালী করাই ভালো হবে।" বিচারপতি নিয়োগে বিদ্যমান নীতিমালা বহাল রেখে নতুন আইন প্রণয়নেরও পরামর্শ দেন তিনি। রাষ্ট্রধর্ম ইসলাম রাখার বিষয়ে কোনো মন্তব্য না করে মোস্তফা কামাল বলেন, "কোনো মতবাদ চাপিয়ে দেওয়া ঠিক হবে না।" সংসদীয় কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরীসহ অন্য সদস্যরা বৈঠকে রয়েছেন। রয়েছেন আমন্ত্রিত ব্যক্তিদের অধিকাংশই। মোস্তফা কামাল ছাড়াও রোববার আমন্ত্রিত সাবেক প্রধান বিচারপতিরা হলেন- কামাল উদ্দিন হোসেন, মুহাম্মদ হাবিবুর রহমান, মো. ফজলুল করিম ও মো. তাফাজ্জাল ইসলাম। এর মধ্যে কামাল উদ্দিন, হাবিবুর রহমানকে দেখা যায়নি। দুপুরে বৈঠকে যোগ দেন তাফাজ্জাল ইসলাম। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কামাল হোসেন ও সদস্য এম আমীর উল ইসলাম বৈঠকে রয়েছেন। আমন্ত্রিত আইনজ্ঞদের মধ্যে দেখা যায়নি টিএইচ খান ও রোকনউদ্দিন মাহমুদকে। উপস্থিত রয়েছেন- সৈয়দ আমিরুল ইসলাম, রফিক উল হক, শাহ আলম, শফিক আহমেদ, এম জহির, মাহমুদুল ইসলাম, মাহবুবে আলম, তৌফিক নেওয়াজ ও ফজলে নূর তাপস। সোমবার বিরোধী দল ও সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং মঙ্গলবার ক্ষমতাসীন দলের মতামত দেওয়ার কথা রয়েছে। গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আবদুুল মতিন খসরু, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ হাছান মাহমুদ ও শিরিন শারমিন চৌধুরী। এ পর্যন্ত কমিটি সদস্যরা ১৬টি বৈঠক করেন। বিশেষ কমিটির অগ্রগতি জানাতে গত ১১ থেকে ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে কমিটির সদস্যরা। এরপরই সব দলের মতামত নিতে তিনদিনব্যাপী আলোচনার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৬০০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর