২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন: খালেদার চিঠি পৌঁছেছে

সংবিধান সংশোধনে মতামত দিতে সংসদীয় বিশেষ কমিটির দেওয়া চিঠি বুধবার রাতে গ্রহণ করেছেন বিরোধীদলীয় নেতার একান্ত সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 05:07 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে মতামত দিতে সংসদীয় বিশেষ কমিটির দেওয়া চিঠি বুধবার রাতে গ্রহণ করেছেন বিরোধীদলীয় নেতার একান্ত সচিব। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ এই চিঠি গ্রহণ করেন বলে সাংবাদিকদের জানান বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি জানান, রাত ৮টা ৫ মিনিটে সংসদ সচিবালয়ের আইন শাখার যুগ্ম সচিব ও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সচিব একে মোহাম্মদ হোসেন এবং বিশেষ কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতার একান্ত সচিব মোস্তফা কামাল গুলশান কার্যালয়ে এ আমন্ত্রণপত্র নিয়ে আসেন। "তবে চিঠিটি খোলা হয়নি। নেত্রী আসলে চিঠিটি দেওয়া হবে।" সংবিধান সংশোধনে মতামত দিতে বুধবার আওয়ামী লীগ, বিএনপি ও মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রধানকে আমন্ত্রণ জানিয়ে চিঠি বিলি শুরু করে সংসদীয় বিশেষ কমিটি। বিশেষ কমিটির সচিব মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকাল পৌনে ৫টায় বিশেষ কমিটির তালিকা অনুযায়ী দলীয় প্রধান, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের চিঠিতে সই করেছেন কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের চিঠি আজই পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। আগামী ২৫ এপ্রিল সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৫৮ ঘ.