খাগড়াছড়ি, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি জেলার রামগড় ও মানিকছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
রামগড়ের বড়পিলাকের ঘটনায় দাঙ্গা ও হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মঙ্গলবার পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আড়াইশ ব্যক্তির বিরুদ্ধে গুইমারা থানায় একটি মামলা দায়ের করে। এই থানায় আরো একটি মামলা হয়েছে।
এ ছাড়া সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পাহাড়িরা মনিকছড়ি থানায় সুনির্দিষ্টভাবে ১৬ জন বাঙালিকে আসামি করে একটি মামলা দয়ের করেছে।
এদিকে এই সংঘর্ষের ঘটনা তদন্তে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক সালাউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ও রামগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাস সমন্বয়ে গঠিত কমিটি মঙ্গলবার কাজ শুরু করেছে।
৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার কথা থাকলেও তদন্ত কমিটির কার্যক্রমের সময়সীমা আগামী রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
মানিকছড়ি, গুইমারা ও রামগড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে।
রড়পিলাকে সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রামগড়ের ইউএনওর পক্ষ থেকে মঙ্গলবার পরিবার প্রতি ১০ কেজি চাল ১ কেজি মুসুর ডাল ও নগদ ২০০ টাকা করে দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১১ ঘ.
bdnews24