২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটভাটায় ফসল নষ্ট, নোয়াখালীতে মানববন্ধন কৃষকদের

ইটভাটার ধোঁয়ায় ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত ক্ষেতের ফলস হাতে নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে নোয়াখালীর কয়েকশ কৃষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

নোয়াখালী, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইটভাটার ধোঁয়ায় ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত ক্ষেতের ফলস হাতে নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে নোয়াখালীর কয়েকশ কৃষক। মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের কৃষকরা স্থানীয় 'পরিবেশ রক্ষা কমিটি'র ব্যানারে এ কর্মসূচি পালন করে। এসময় কৃষকরা 'ইটভাটার হাত থেকে ফসল বাঁচাও', 'কৃষক বাঁচাও; কৃষক বাঁচলে দেশ বাঁচবে', 'পরিবেশ দুষণকারী অবৈধ ইটভাটা বন্ধ কর', 'কৃষকদের রক্ষা কর' ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কৃষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মানববন্ধনে কৃষকরা জানান, ছাতারপাইয়া ইউনিয়নের ২০টি ইটভাটার কারণে এলাকার প্রায় ৩২ হাজার বাসিন্দা মানবিক বিপর্যয়ের সম্মুখীন। ইটভাটার কালো ধোঁয়ায় শত শত কৃষকের ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। ঘরে ঘরে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত। তারা অভিযোগ করে বলেন, বাসিন্দারা প্রতিবাদ জানালেও ইটভাটা মালিকরা স্থানীয় প্রশাসনের যোগসাজশে প্রতি বছরই নতুন নতুন ইটভাটা গড়ে তুলছে। সমাবেশে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, জেলা জাসদের সাধারণ সম্পাদক আজিজুল হক বকশী, পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, সদস্য সচিব মো. জসিম উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৪০ ঘ.