২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউল নির্যাতনের প্রতিবাদ

পাংশায় ২৮ বাউলের চুল ও দাড়ি-গোঁফ কেটে দেওয়ার প্রতিবাদে রাজবাড়ীর ১১টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জেলা শহরে মৌনমিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

রাজবাড়ী, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাংশায় ২৮ বাউলের চুল ও দাড়ি-গোঁফ কেটে দেওয়ার প্রতিবাদে রাজবাড়ীর ১১টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জেলা শহরে মৌনমিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার সকালে নাট্য সংগঠন মঙ্গলনাট'র কার্যালয় থেকে মৌনমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বাউল নির্যাতনের নিন্দা এবং এতে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গত ৫ এপ্রিল রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে ২৮ বাউলের চুল ও দাড়ি-গোঁফ কেটে দেওয়া হয়। এ ঘটনায় ১৩ জনকে আসামি করে পাংশা থানায় মামলা করেন বাউল মোহাম্মদ ফকির। মামলার এক আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ীতে বাউল নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি পালিত হয়েছে ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ডাকে ক্যাম্পাসের অমর একুশে ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে ছাত্র সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহি মাহফুজ, সাধারণ সম্পাদক হাসান আক্তার সিনা, সাংগঠনিক সম্পাদক এস জে দ্বীপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৩৫ ঘ.