২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারের চালের ঘটনা তদন্তে কমিটি

কারওয়ান বাজারে ওএমএস'র সরকারি চাল উদ্ধারের ঘটনা তদন্তেখাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) বদরুল হাসানকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে খাদ্য বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 07:43 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারওয়ান বাজারে ওএমএস'র সরকারি চাল উদ্ধারের ঘটনা তদন্তেখাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) বদরুল হাসানকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে খাদ্য বিভাগ। খাদ্য বিভাগ থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার থেকেই কমিটি কাজ শুরু করেছে বলে খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্য হলেন ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আজিজ মোল্লা। গত রোববার কারওয়ান বাজারের কয়েকটি গুদাম থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রায় সাড়ে তিন হাজার বস্তা সরকারি চাল উদ্ধার করে। র‌্যাবের দাবি অনুযায়ী, এ চাল খোলা বাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচির জন্য বরাদ্দ ছিলো। এদিকে এ চাল উদ্ধারের সময় র‌্যাবের হাতে আটক গাড়িচালককে সাময়িক বরখাস্ত করতে ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য বিভাগের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওএমএস কর্মসূচি চাল প্রকৃত ভোক্তার কাছে পৌঁছে দিতে মন্ত্রণালয়ের ৩১ জন কর্মকর্তাকে পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা প্রতিনিয়ত ঢাকার বিভিন্ন ওএমএস কেন্দ্র পরিদর্শন করছেন। এর ফলে ঢাকা শহরে ওএমএস কর্মসূচিতে অনিয়ম বন্ধ করা সম্ভব হয়েছে। ঢাকার বাইরে পরিদর্শন কার্যক্রম চালাতে প্রতি জেলায় একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া জেলা বাজার দর মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এর বাইরেও বিভাগীয় কমশিনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ওএমএস কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণ করতে চিঠি দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৪০ ঘ.