নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সন্তান ধারণের বয়সসীমার নারীদের সবচেয়ে বড় ঘাতক হিসেবে দেখা দিয়েছে ক্যান্সার। ১৫ থেকে ৪৯ বছর বয়সী যত নারী মারা যান, তাদের ২১ শতাংশেরই মৃত্যুর কারণ এ রোগ।
বাংলাদেশ মাতৃমৃত্যু জরিপ ২০১০-এ বেরিয়ে এসেছে এ তথ্য।
জরিপে দেখা যায়, আরো যেসব রোগে নারীদের মৃত্যুহার বেশি তার মধ্যে অন্যতম হলো হৃদরোগ। এ রোগে মৃতের সংখ্যা ১৬ শতাংশ, ক্যান্সারে মৃত্যুর সংখ্যার পরই এর অবস্থান।
জরিপে প্রাপ্ত ফলাফলের সঙ্গে একমত পোষণ করে ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন, নারীদের জন্য এটি একটি সতর্ক সঙ্কেত এবং তাদের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
বাংলাদেশে ক্যান্সার নিবন্ধনের কোনো ব্যবস্থা না থাকলেও হাসপাতালভিত্তিক তথ্য থেকে জানা যায়, নারীদের যেসব ক্যান্সার বেশি হয় সেগুলো হলো স্তন ও জরায়ু ক্যান্সার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী সংস্থা গ্লোবোক্যানের হিসাব অনুযায়ী, ২০০৮ সালে দেশে ক্যান্সার আক্রান্ত নারীর সংখ্যা ছিলো প্রায় ৮০ হাজার। এর মধ্যে ওই বছর ক্যান্সারে আক্রান্ত প্রায় ৫৫ হাজার নারী মারা যায়, যার প্রায় ৫০ শতাংশই ছিলো স্তন ও জরায়ু ক্যান্সারে আক্রান্ত।
হাসপাতালভিত্তিক তথ্যের ভিত্তিতে তারা এ হিসাব বের করে।
বিশেষজ্ঞরা এ ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সঠিক কারণ বের করতে না পারলেও বাংলাদেশে নারীদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার বৃদ্ধির জন্য জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের পরিবর্তনকে দায়ী করা হচ্ছে।
একইসঙ্গে নারীদের মধ্যে সচেতনার অভাবও এর জন্য দায়ী। সচেতনতার অভারের জন্যই রোগ নির্ণয় করতে দেরি হয়, আর এর ফলাফল হলো নিশ্চিত মৃত্যু।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) হাবিবুল্লাহ তালুকদার বলেন, "এখনো তৃণমূল পর্যায়ে রোগের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় লড়াই চালিয়ে যাওয়ার মতো মানসিকতা লক্ষ করা যায় না।"
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ ব্যথাহীন হওয়ায় সবাই দেরিতে চিকিৎসকের কাছে যায়।
হাবিবুল্লাহ বলেন, যে কেনো ধরনের পরিবর্তন খুঁজে বের করতে ২০ বছরের বেশি বয়সী প্রতিটি নারীর উচিত মাসের একটি নির্দিষ্ট দিনে নিজে নিজে স্তন পরীক্ষা করা।
এছাড়া জরায়ুর পরিবর্তন সনাক্ত করতে যৌনজীবনে সক্রিয় নারীদের সাধারণ ভিআইএ বা প্যাপ স্ক্রিনিং করানোর পরামর্শও দেন তিনি।
এতে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় সম্ভব হবে, বলেন হাবিবুল্লাহ।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে সনাক্ত হলে প্রায় ৮০ শতাংশ ক্যান্সার পুরোপুরি নিরাময় সম্ভব।
চিকিৎসকের কাছে যেতে নারীদের সাধারণত উৎসাহিত করা হয় না- এ প্রবণতার কথা তুলে ধরে ডা. হাবিবুল্লাহ বলেন, তারা (নারীরা) একটি রোগের চূড়ান্ত পর্যায়ে চিকিৎসকের কাছে যান।
একটি ক্যান্সার ক্যাম্পের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সিলেট জেলায় এক দিনেই স্তন ক্যান্সারে আক্রান্ত ৫৫ জন নারীকে সনাক্ত করা হয়। নিজে নিজে পরীক্ষা করার বিষয়ে কোনো ধারণাই নেই এসব নারীদের।
এ ধরনের ক্যান্সারের গুরুত্ব ও রোগ সম্পর্কে নারীদের অজ্ঞতার বিষয় বিবেচনা করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরিবর্তে ক্যান্সারের বিরুদ্ধে প্রচার চালানোর পরামর্শ দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পরিবারের কোনো সদস্যের ক্যান্সার আক্রান্ত হওয়া, সন্তান না থাকা বা বেশি বয়সে প্রথম সন্তানের জন্ম দেওয়া, একাধিক জীবনসঙ্গী থাকা ও অতিরিক্ত ওজনের মতো ক্যান্সার ঝুঁকির বেশ কিছু বিষয় রয়েছে নারীদের।
হাবিবুল্লাহ বলেন, "একসময় পশ্চিমা দেশে স্তন ক্যান্সারে আক্রান্তের হার বেশি ছিলো। এখন এটি বাংলাদেশের সাধারণ ঘটনা।"
বর্তমানে খুব অল্প কিছু নারী তাদের সন্তানদের বুকের দুধ খাওয়ান ও নিজেরা চর্বিযুক্ত খাবার গ্রহণ করে উল্লেখ করে তিনি বলেন, এগুলো ক্যান্সার আক্রান্তের হার বৃদ্ধির কারণ হতে পারে।
"একইসঙ্গে দেশে কম বয়সে বিয়ের হার কমলেও অনেক নারীরই একাধিক যৌনসঙ্গী রয়েছে, যা গর্ভাশয়ের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়", বলেন হাবিবুল্লাহ।
বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিজ রিস্ক ফ্যাক্টর সার্ভে ২০১০ এ দেখা যায়, দেশের ২৫ বছরের বেশি বয়সী প্রায় তিন কোটি নারী কম পরিমাণে শাকসবজি ও ফল খায়।
হাবিবুল্লাহ'র মতে, ভারতের কেরালায় অবস্থিত আঞ্চলিক ক্যান্সার সেন্টারের মতো মেডিকেল কলেজগুলোতে পৃথক 'ক্যান্সার নিরাময় কেন্দ্র' থাকা উচিত, যার কাজ হবে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে প্রচারাভিযান চালানো। একইসঙ্গে ক্যান্সার বিশেষজ্ঞরা সেখানে গবেষণাও করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এফএফ/এমআই/১০১০ ঘ.
bdnews24