চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছরকে বরণ করে নিতে নানা আয়োজনের পাশাপাশি চট্টগ্রামে চলছে রসনা বিলাসের প্রস্তুতিও। নগরীর বিভিন্ন বাজার ও সড়কে দিনজুড়ে চলেছে পাচনের উপকরণ আর ইলিশের বিকিকিনি।
কাজীর দেউড়ি বাজারে সকাল থেকেই লেগেছিল ভোজন রসিকদের ভিড়। সেখানে ছোট ইলিশ বিক্রি হয়েছে প্রতি কেজি ছয়শ' টাকায়। তবে দেড় কেজি থেকে বড় আকারের ইলিশ বিকিয়েছে আড়াই হাজার টাকা কেজিতে।
মাছ বিক্রেতা দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড় ইলিশের চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই দাম বেশি। তবে উৎসবের আয়োজনে ক্রেতার অভাব নেই।
রেয়াজুদ্দিন বাজার, বহদ্দারহাট কাঁচা বাজার, চকবাজার ও কর্ণফুলী মার্কেটসহ প্রায় সব বাজারেই বাংলা বছরের শেষ দিনে ইলিশসহ বিভিন্ন মাছে বিক্রি ছিল অন্য দিনের তুলনায় বেশি।
সরকারি হিসাবে পহেলা বৈশাখ বৃহস্পতিবার হলেও পঞ্জিকা অনুসারে এটি চৈত্রের শেষ দিন। কাজেই দেশজুড়ে বর্ষবরণ হলেও সনাতন ধর্মাববলম্বীরা দিনটি পালন করবেন চৈত্র সংক্রান্তী হিসেবে। আর এ কারণেই বুধবার সড়কের মোড়ে মোড়ে শাক-সব্জির পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। চৈত্র সংক্রান্তির অন্যতম অনুষঙ্গ 'পাচন'-এর এসব উপকরণও বিক্রি হয়েছে দেদার।
সদরঘাট মোড়ে ১০টি ভ্যান গাড়িতে করে বিক্রি হচ্ছিল কাঁচা আম, কাঁঠাল, থানকুনি পাতা, ডুমুর, কলার মোচা, গীমা, কাটা মারিস, করল্লা, মিষ্টি কুমড়া, সজনে ডাটা, কাঁচা কলা, শসা, লাউসহ হরেক রকম তরকারি।
এসব সব্জি কিনতে আসা সুখময় ভাট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হিন্দু রীতি অনুসারে বছরের এই দিনে পাচন খেতে হয়। গ্রামে এসব সব্জি সংগ্রহ করা হতো বাড়ি সংলগ্ন এলাকা থেকে। এখন কিনে নিতে হচ্ছে।"
শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নন, চট্টগ্রামের সব পরিবারেই পাচন রান্নার চল আছে- জানালেন সংস্কৃতিকর্মী কামরুল হাসান বাদল।
তিনি বলেন, "পহেলা বৈশাখে পাচন রান্না এখন চট্টগ্রামের ঐতিহ্যে পরিণত হয়েছে।"
এসব শাক সব্জি কেজি মাপের পাশাপাশি বিক্রি হয়েছে টুকরো হিসেবেও। চকবাজারে প্রতি টুকরো কাঁচা কাঁঠাল ১০ টাকা, প্রতিটি কাঁচা আম ২ টাকা, কাঁচ কলা ৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
পাশাপাশি আছে রেস্তেরাঁর আয়োজনও। নগরীর বড় বড় হোটেল-রেঁস্তোরাগুলোতে পান্তা ইলিশসহ বিভিন্ন ধরনের দেশীয় খাবারের সম্ভারে সাজানো হয়েছে পহেলা বৈশাখের আয়োজন। বৃহস্পতিবার সকালে নগরীর ডিসি হিল, সিআরবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্রি হবে পান্তা-ইলিশ।
ডিসি হিলের ফুচকা বিক্রেতা আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বৃহস্পতিবার সকালে পান্তা- ইলিশের চাহিদা থাকবে বেশি। তাই চটপটি ফুচকার পরিবর্তে পান্তাই বিক্রি করবো। ইলিশও কেনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/জেকে/০০৩৩ ঘ.
bdnews24