২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের মামলায় পুলিশ কর্মকর্তার জামিন

ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মিরপুর থানার পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা,এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মিরপুর থানার পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক তার জামিন মঞ্জুর করেন। বিচারক মামলাটি ঢাকার বিশেষ জজ তিন নম্বর আদালতে বদলি করে আগামী ২ মে অভিযোগ গঠন শুনানির তারিখ রেখেছেন। গত বছরের ১৩ ডিসেম্বর মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আনোয়ারুল হক। মামলার বিবরণে জানা যায়, জনৈক ফেরদৌস আরা পাঁচজনকে আসামি করে গতবছরের ৩ ডিসেম্বর মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পাঁচ আসামির একজনকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য মিরপুর থানার পুলিশ পরিদর্শক সিকদার মো. শামিম হোসেন ও রকিবুল হাসান বাদির কাছে পাঁচলাখ টাকা ঘুষ দাবি করে। ঘুষের টাকার জন্য ভয়ভীতি দেখিয়ে চাপ দিলে বাদি পনের হাজার টাকা ঘুষ দেন। বাকি টাকার জন্য বারবার চাপ দিলে বাদি আসামির কথা রেকর্ড করে রাখেন। পরে তিনি দুদককে জানান। গত বছরের ৯ ডিসেম্বর দুদক ফাঁদ পেতে ঘুষের পাঁচ হাজার টাকাসহ রকিবুল হাসানকে আটক করে। দুদক কর্মকর্তারা আটককৃত রকিবুল হাসানকেসহ মিরপুর থানায় হাজির হয়ে মামলা করতে গেলে থানা মামলা না নেওয়ায় ১৩ ডিসেম্বর আদালতে এ মামলা দায়ের করেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২২১৫ ঘ.