ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিটিসিএলের ইস্কাটন কার্যালয়ে অবরুদ্ধ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পুলিশ মুক্ত করেছে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীদের এক নেতা।
অস্থায়ী কর্মচারি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ বুধবার রাত পৌনে ১০টার দিকে এমডি মুক্ত হওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
রাত সোয়া ১০টায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধকারীরা অবরোধ তুলে নিয়েছেন। আবু সাইদ খান তার কার্যালয়ে অবস্থান করছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এর আগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাঈদ খান সন্ধ্যা ৭টার দিকে তাকে অবরুদ্ধ করে রাখার কথা জানান। এমডিকে অবরুদ্ধ করার বিষয়টি স্বীকার করেন মাসুদ।
সেসময় মাসুদ বলেন, আন্দোলনরতদের পুলিশ ঘিরে রেখেছে। এর আগে আন্দোলনরত কর্মচারিদের পুলিশ দিয়ে পেটানোর হুমকি দেন এমডি।
"বিকেলে বিটিসিএল কার্যালয়ে এমডির সঙ্গে দাবি নিয়ে আলোচনার জন্য গিয়েছিলাম। সেখানে তিনি (এমডি) আন্দোলনরত কর্মচারিদের বলেন, আন্দোলন বন্ধ না করা হলে রাতে পুলিশ দিয়ে পিটিয়ে বিটিসিএল কার্যালয় থেকে বের করে দেওয়া হবে।"
এমডি আবু সাঈদ খান হুমকির কথা অস্বীকার করে সেসময় বলেন, তারা (কর্মচারি) আলোচনার জন্য এলে ধর্মঘট বন্ধ করার অনুরোধ করেছি। তাদেরকে বলেছি, এ মুহূর্তে দাবি মেনে নেওয়া সম্ভব না।
কার্যালয়ে পুলিশ প্রসঙ্গে তিনি বলেন, "তারা আমাকে আটকে রেখেছে এজন্য পুলিশের সহযোগিতায় বের হওয়ার জন্য চেষ্টা করছি।"
গত রোববার থেকে চাকরি স্থায়ী করার দাবিতে বিটিসিএল কার্যালয়ে অবস্থান ধর্মঘট শুরু করে অস্থায়ী কর্মচারিরা।
গত চারদিনে প্রায় ২০ জন আন্দোলনরত কর্মচারি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান মাসুদ। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ কর্মচারিদের কয়েকজন হলেন- মনজিলা বেগম, মনোয়ারা বেগম, আয়েশা আক্তার মায়া, হামিদা বেগম, ইয়াসমিন হামিদ, সোহাগ খান, জসীমউদ্দিন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান জানান, ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত এক হাজার ৮শ ৫৭ জন অস্থায়ী কর্মচারি বিটিসিএল'র বিভিন্ন পদে কাজ করছে। এদের বেতন এক হাজার ৫শ থেকে পাঁচ হাজার ২শ টাকা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২২২৮ ঘ.
bdnews24