ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাচারের উদ্দেশ্যে আটকে রাখা আট ভাসমান পথশিশুকে টঙ্গী-গাজীপুরের কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠাতে বলেছে আদালত।
শিশুদের পাচারকারী হিসাবে গ্রেপ্তার পাঁচজনকে দুই দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে অনুমতিও দেওয়া হয়েছে।
বুধবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কামরুন্নাহার রুমী এ আদেশ দেন।
মঙ্গলবার বিকালে আসামিদেরকে মোহাম্মদপুরের জয়েন্ট কোয়ার্টারের বিজলী মহল্লা, জান্নাতবাগের 'রেষ্টলেস কিংস' নামক প্রতিষ্ঠান থেকে ওই শিশুদেরসহ গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল।
শিশুরা হলো- মো. মিজান (৮), মো. শাওন (১০), মো. রবিউল (১০), রাজু মিয়া (১১), আলম (১২), মো. কাজল (১২), মো. সাজু (১৩) ও মোসাম্মৎ চাঁদনী (১২)।
পাচারকারীরা হলো 'রেষ্টলেস কিংস'-এর পরিচালক কাজী আহমেদ জাকী (৩৭), ওই প্রতিষ্ঠানের কর্মী মিলন সরকার (২৬), মোসাম্মৎ ছাহেরা বেগম (৩৯), নিরাপত্তা কর্মী মো. জালাল উদ্দিন (২৬), অফিস পরিচারিকা মোসাম্মৎ সাফিয়া খাতুন (৫৭)।
আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া সাতদিনের হেফাজতের আবেদনে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. শিহাবউদ্দিন বলেন, এসব সুবিধাবঞ্চিত শিশুদের পুনর্বাসনের কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন আসামিরা। তারা এদের পাচারের উদ্দেশ্যে তাদের প্রতিষ্ঠানের কার্যালয়ে আটকে রাখেন। এর আগেও তারা এ কাজ করেছে কি না এবং তাদের সঙ্গে আর কারা জড়িত আছে তা জানতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
এ সময় অভিযুক্তদের পক্ষে জামিন আবেদনে অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান বলেন, ওই প্রতিষ্ঠানের কর্মরত আটক এ ব্যক্তিরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কল্যাণের জন্য কাজ করে থাকেন। র্যাব অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে তাদের পাচারকারী হিসাবে অভিহিত করে এ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে তাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে।
এদিকে রাষ্ট্রপক্ষে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক সালোয়ার হোসেন এবং শিশু সংগঠন 'অপরাজেয় বাংলা', 'বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের দুই আইনজীবী মো. মাহবুবুর রহমান, মাহমুদা আকতার জামিনের বিরোধিতা করেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০৩৭ ঘ.
bdnews24