ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি তাদের কাজের অগ্রগতি জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবারও বৈঠক করেছে।
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তিন ঘণ্টার বৈঠক শেষে রাত সাড়ে ১০টার দিকে বিশেষ কমিটির সদস্য রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরু হয়।
রাশেদ খানন বলেন, সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির এ পর্যন্ত ১৫টি সভার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।
"কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবারও বৈঠক করবে। এদিন বিশেষ কমিটির নিয়মিত যে বৈঠক হওয়ার কথা তা স্থগিত থাকবে।"
কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী, কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তসহ ১৫ সদস্যের এ কমিটির অধিকাংশ সদস্যই এ সময় উপস্থিত ছিলেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত দুই দফা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা।
মঙ্গলবার কমিটির ১৬তম বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি।
ইতোমধ্যে ওই কমিটি সংবিধানের সপ্তম অধ্যায় পর্যন্ত পর্যালোচনা করে সদস্যদের মতামত গণমাধ্যমকেও জানিয়েছে।
গত বছরের ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে এই বিশেষ কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২৩০৫ ঘ.
bdnews24