২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর জুলিয়া হত্যা মামলায় তিন আসামি রিমান্ডে

রাজশাহীর চারঘাটের স্কুলছাত্রী জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

রাজশাহী, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাটের স্কুলছাত্রী জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার বিকেলে রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক মমিনুন নেসা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হচ্ছে সাদ্দাম হোসেন, জুলিয়ার কথিত প্রেমিক রুবেল হোসেন ও রুবেলের বন্ধু রিঙ্কু। এদের সকলের বাড়ি শিমুলিয়া গ্রামে। চারঘাট উপজেলার শিমুলিয়া গ্রামের দিনশ্রমিক রুস্তম আলীর মেয়ে ও শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জুলিয়াকে শুক্রবার রাতে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার দিন পুলিশ সন্দেহজনকভাবে রুবেল ও রিঙ্কুকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাতে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। চারঘাট থানার ওসি (তদন্ত) শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুলিয়ার বাবার দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। রিমান্ড মঞ্জুর হওয়ার পর সন্ধ্যায় তাদের থানায় আনা হয়েছে। ওসি বলেন, "গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫৬ ঘ.